EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ৩ নভেম্বর শুরু হচ্ছে সোলার এক্সপো

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ৩ নভেম্বর শুরু হচ্ছে সোলার এক্সপো

ছবি: সংগৃহীত

অ অ

দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো’। বিদ্যুৎ বিভাগ ও ইডকলের যৌথ আয়োজনে দুই দিনের এ প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর লক্ষ্য সৌরপ্রযুক্তির প্রসার, বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, দুই দিনব্যাপী এ আয়োজনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এক্সপোতে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্পকারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, সৌর সেচব্যবস্থা, শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়ন গুরুত্ব পাবে। এতে সরকারি সংস্থা, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।


ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানি ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে।

আয়োজকদের প্রত্যাশা, এক্সপোর আটটি বিশেষায়িত অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়নে সৌরপ্রযুক্তি, ইনভার্টার, ব্যাটারি ও সোলার মডিউল প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্লাটিনাম, গোল্ড ও সিলভার শ্রেণিতে স্পনসরশিপের সুযোগও রাখা হয়েছে।

আরও পড়ুন