আজ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল সাড়ে ১১টায় তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হবে।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এর শুরুতে স্বাগত বক্তব্য দেবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পরে সেখানে বক্তব্য দেবেন তারেক রহমানও।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এর আগে ঢাকায় সফরপূর্ব সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছিলেন, প্রধানমন্ত্রীর চার দিনের এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে জাপানের নতুন বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।