ফরিদপুরে মিথ্যা মামলা, বাদীর ১৫ দিনের কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মিথ্যা ও সাজানো অভিযোগে মামলা করার দায়ে বাদী শাহীনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
মামলার নথি ও রায় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লার (২০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন শাহীনুর বেগম।
এজাহারে তিনি অভিযোগ করেন, আসামিরা দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে আসামিরা তাঁকে আবারও শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগের সত্যতা পাননি। পরে দুই আসামিকে নির্দোষ ঘোষণা করে খালাস দেওয়া হয়। অন্যদিকে, আদালতের মূল্যবান সময় নষ্ট করা এবং নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলায় হয়রানি করার দায়ে বাদীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আইনের অপব্যবহার রোধে বিচারকের এ সিদ্ধান্ত একটি দৃষ্টান্ত। তাঁর মতে, এ রায়ের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে বা ব্যক্তিগত আক্রোশ থেকে মিথ্যা মামলা করার প্রবণতা নিরুৎসাহিত হবে।