পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফরের প্রথম পর্যায়ে স্পেনের সেভিলে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
‘দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এই এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
এক্সপোর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পথও সুগম হবে।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক অংশীদারি সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হবে।
যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে সৃজনশীল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক অংশীদারির সম্ভাবনাও খতিয়ে দেখবেন।
