রংপুরে ব্যাটারি চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন এজারুল মিয়া ওরফে কানা ও সাদিকুল ইসলাম।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সবুর জানান, ভোরে ওই গ্রামের আব্দুল মতিন মেম্বারের ছেলে সোহেল মিয়ার বাড়ি থেকে অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে মসজিদের মাইকে খবর প্রচার করা হলে এলাকাবাসী তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে প্রায় আধা কিলোমিটার দূরে তাদের আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত দুজনের পরিচয় শনাক্ত করে।
নিহত এজারুল মিয়া নোহালী ইউনিয়নের কচুয়া বাগদহারা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। অপর নিহত সাদিকুল ইসলাম কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ দুটি উদ্ধার করে গঙ্গাচড়া মডেল থানায় নেওয়া হয়েছে। থানায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।