সৌদিতে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে একের পর এক ফ্লাইট স্থগিত হচ্ছে। এখন পর্যন্ত ১৪৪টি ফ্লাইট স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী।
শনিবার (২৪ অক্টোবর) রাতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট স্থগিত হয়েছে।
ফ্লাইট স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না সংশ্লিষ্ট যাত্রীরা। এতে ভ্রমণ পরিকল্পনা, কর্মস্থলে ফেরা এবং পরবর্তী সংযোগ ফ্লাইট নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেকে।
সব মিলিয়ে ১৪৪টি ফ্লাইট স্থগিত হওয়ায় ২২ হাজার ২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে বেবিচক।