একই প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম
সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মোঃ শরীফুল আলম, কমিটির সদস্য এস. এম. ফয়সল এমপি, মোঃ আব্দুল্লাহ্ এমপি, রেজেকা সুলতানা এমপি, মোঃ আফজাল হোসেন এমপি, হাফেজ মুহাঃ রবিউল বাশার এমপি এবং মাহবুবা হাকিম এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা দেওয়া হয়। এই সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতিও কমিটিকে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়ের সব কার্যক্রম পরিচালনা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে কমিটি।
বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে যান্ত্রিকীকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি তাঁতশিল্পের প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও অন্যান্য কাঁচামাল সহজলভ্য করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া দিনাজপুরের রানীর বন্দরে তাঁত বোর্ডের কার্যালয়ের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমি লিজ বা অন্য কোনো উপায়ে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।