মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৯ এএম
ছবি: সংগৃহীত ও সম্পাদিত
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে ভোরবেলার এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানিয়েছে, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিতে করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
শিল্পী আসিফ আকবর হামলার সময় বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তাঁর গাড়ির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এঘটনায় আসিফ আকবরের শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি।
গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ ঘটনায় আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনার পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। এঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
সংগীতাঙ্গনের ব্যাপক শ্রোতাপ্রিয় একজন শিল্পী আসিফ আকবর। পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।