EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অনাগত সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

অনাগত সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

অভাবের কারণে অনাগত সন্তান বিক্রির কথা ভাবতে বাধ্য হওয়া আঁখি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর পরিবারটির খোঁজ নিতে নির্দেশ দেন তিনি। পরে আঁখির পরিবারের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে ওই নারীর অসহায়ত্বের চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, তৃতীয়বারের মতো মা হতে চলেছেন আঁখি। তাঁর স্বামী অসুস্থ। পরিবারের আর্থিক সংকট ও ঋণের চাপে অনাগত সন্তান বিক্রির কথা ভাবছিলেন তিনি।

প্রতিবেদনটি প্রকাশের দিনই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরিবারটির খোঁজ নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তারেক রহমান। নির্দেশনার পর দ্রুত আঁখি ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাঁদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

এ সময় জানা যায়, আঁখির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর অসুস্থতার কারণে সংসার চালানো ও চিকিৎসার খরচ মেটাতে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তাঁরা। সেই ঋণ পরিশোধের চাপ থেকেই অনাগত সন্তান বিক্রির মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।

বিষয়টি জানার পর পরিবারটিকে সহায়তার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাঁদের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন