দেশজুড়ে অস্টিওপোরোসিসের চিকিৎসা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জুবাইদা রহমানের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত
অস্টিওপোরোসিসে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিস একটি নীরব রোগ। এতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, ফলে হঠাৎ হাড় ভাঙার ঝুঁকি বাড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
তিনি জানান, ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ এ রোগে আক্রান্ত বলে ধারণা করা হয়। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে বয়স্ক নারীদের মধ্যে এ রোগের প্রকোপ উল্লেখযোগ্য।
রোগটি প্রতিরোধে অস্টিওপোরোসিস সোসাইটি গঠন, নিয়মিত সচেতনতামূলক প্রচার, স্ক্রিনিং ক্যাম্প এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি কন্যাশিশু ও তরুণীদের জন্য আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি সম্পর্কে সচেতনতা এবং দেশব্যাপী রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ডা. আব্দুস সালাম এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সেমিনারে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা ও কুইজ অনুষ্ঠিত হয়।
