ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি অধিনায়ক
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার বিখারী আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বিজিবির অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বিজিবি। পূজারীরা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে বাহিনীটি।
৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ৭৯ দশমিক ১ কিলোমিটার অংশে এবং সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত মোট ৫৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় রয়েছে ১৪৯টি পূজামণ্ডপ।