EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির পর্যবেক্ষণ কমিটির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির পর্যবেক্ষণ কমিটির
অ অ

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির নেতারা ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কলাবাগান ও ফার্মগেটের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তারা পূজা উদ্‌যাপন কমিটির নেতা, ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা দেশে দুর্গাপূজা উদ্‌যাপনের পরিস্থিতি ও বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

সভা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জানানো হয়। নিজ নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো, পূজা উদ্‌যাপনে সহযোগিতা জোরদার করা এবং পূজামণ্ডপের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পরিদর্শনকালে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, কমিটির সদস্যসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যুবদল নেতা পার্থ মণ্ডল, চারুকলা অনুষদের শিক্ষক সঞ্জয় দে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

এ সময় জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ ও জিএস সুদীপ্ত পরমানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। তারা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, বিএনপির নীতি হলো, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। এই নীতির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠন করছেন।

তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কমিটির সদস্যসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক ঐক্যের এক অনন্য মেলবন্ধন। এই সম্প্রীতি ও ঐক্য অটুট ও শক্তিশালী করে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে দেশ পুনর্গঠনে তাকে সহযোগিতা করা সবার উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের উৎসাহ ও নির্দেশনায় এবার মহাসমারোহে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন