অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে। এ জন্য পুলিশ সদস্যদের মনোবল, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে।
আইজিপি আরও বলেন, পাড়া-মহল্লায় তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে, যা বিভিন্ন অপরাধের অন্যতম কারণ হয়ে উঠছে। কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
