EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গাপূজা

ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর উপহার পেল তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০ পরিবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর উপহার পেল তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০ পরিবার
অ অ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০টি পরিবারের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর দয়াগঞ্জে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব উপহার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের পূজা উদ্‌যাপন কমিটিকেও বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়।

এ সময় তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকার ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ডিএসসিসির প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি স্থানে দুটি এবং অন্য স্থানে ১৭টি ভবন নির্মাণের প্রস্তাব রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে। বর্তমানে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনটি জরাজীর্ণ। এ সমস্যা দূর করতে দ্রুত নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিমার ব্যবস্থা চালু করা হয়েছে। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কোনো পরিচ্ছন্নতাকর্মী নিহত হলে তার পরিবারকে এককালীন চার লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধান এবং তাদের জন্য একটি মন্দির নির্মাণের আশ্বাস দেন ডিএসসিসির প্রশাসক।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সাবেক কাউন্সিলর হাজী মকবুল ইসলাম খান টিপু, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন