EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮০টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো কলা এবং অনিরাপদ ড্রামে সংরক্ষিত প্রায় ২০৪ লিটার সয়াবিন তেল ধ্বংস করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা ও নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে অধিদপ্তরের ৩৬টি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় পাইকারি ও খুচরা বাজার, ফলের আড়ত, ভোজ্যতেলের দোকান, হোটেল-রেস্তোরাঁ এবং গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় অপরিপক্ব কলা ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানোর দায়ে ‘হালিমের কলার আড়ত’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রাসায়নিক দিয়ে পাকানো কলা ধ্বংস করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে কলা পাকানোর রাসায়নিক সংরক্ষণের দায়ে আরেকটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

কারওয়ান বাজার ও কৃষি মার্কেটে ভোজ্যতেলের দোকান তদারকির সময় অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও প্রয়োজনীয় লেবেল না থাকার অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় মেসার্স সততা স্টোরকে ২ লাখ টাকা এবং হেলাল জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সততা স্টোরে ইউরিয়া ফরমালডিহাইডের ড্রামে রাখা প্রায় ২০৪ লিটার সয়াবিন তেল জনসম্মুখে ধ্বংস করা হয়।

এদিকে, রাজধানীর সাদেক খান কৃষি মার্কেট, কলেজ গেট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের ডাবের দোকানে অভিযান চালানো হয়। রসিদ সংরক্ষণ না করা, ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশব্যাপী অভিযানে অতিরিক্ত দাম নেওয়া, মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনের বিষয়গুলোও যাচাই করা হয়। ব্যবসায়ীদের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

পণ্য কিনতে অতিরিক্ত দাম নেওয়া, ভেজাল বা প্রতারণার শিকার হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন