সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। রায়ের কপি পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে সৌদি পুলিশ ওই দুই বাংলাদেশিকে আটক করে। তবে এ সময়ের মধ্যে তাঁদের পরিবারের কেউ সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। রায়ের কপি পাওয়া গেলে তাঁদের পরিচয় এবং তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। দেশটি নিয়মিতভাবে তাঁদের তালিকা বাংলাদেশকে পাঠায়। মন্ত্রণালয় এসব তথ্য যাচাই করছে।
তিনি আরও বলেন, সরকার ওই দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। বিচারিক রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এ সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এবং বায়তুল মোকাররম মসজিদের খতিব দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
