মব সহিংসতায় নিহত ১৮৭, কারাগারে মৃত্যু ৯৫
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের প্রথম নয় মাসে সারাদেশে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। এ সময়ে এসব ঘটনায় আহত হয়েছেন ৪০১ জন। একই সময়ে দেশের কারাগারগুলোতে ৯৫ জন বন্দীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জন কয়েদি ও ৫৫ জন হাজতি।
সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
সংগঠনটির জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬-এর মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত নয় মাসে চুরি, ডাকাতি, ছিনতাই, বাক্বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টাসহ নানা অভিযোগকে কেন্দ্র করে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৮৭ জন নিহত ও ৪০১ জন আহত হয়েছেন।
অন্যদিকে, একই সময়ে কারাগারে ৯৫ জন বন্দীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জন কয়েদি এবং ৫৫ জন হাজতি। মৃতদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণে প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের, একজন বিএনপির এবং ৭৪ জন সাধারণ কয়েদি হিসেবে নথিভুক্ত রয়েছেন।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে মব সহিংসতা ও গণপিটুনি এবং হেফাজতে ও কারাগারে মৃত্যুর মতো ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি মানবাধিকার রক্ষায় সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নাগরিক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকেও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
