বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে ও থাকবে: এ্যানি
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি অতীতেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (১৯ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ইজ্জত ও সম্মানের সঙ্গে সবাই যেন মিলেমিশে বসবাস করতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।
এ্যানি বলেন, শারদীয় দুর্গোৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়, নারী শক্তির বিজয়, নারীর মর্যাদা ও মানবকল্যাণের বার্তা নিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হয়। এ উৎসবের মধ্য দিয়ে সমাজে মানবকল্যাণ প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, রাষ্ট্র সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনের স্বীকৃতি দেয় ও উৎসাহিত করে। ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বাংলাদেশে আবহমানকাল থেকেই মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এ বন্ধন সব সময় অটুট ছিল।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার ও সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহাসহ চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।