EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল এখন পর্যন্ত সহযোগিতা করছে না। তবে সরকার যে সাংবিধানিক পরিবর্তন আনতে চায়, তাকে সংস্কার বললেও আপত্তি নেই।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এমন সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটাকে অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা বিরোধী দল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। এই সনদ জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয়।

তিনি বলেন, ‘জুলাই এক দিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।’


সালাহউদ্দিন আহমদ বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে। জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের পথনির্দেশক হিসেবে গণ্য করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই ছাত্র-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়ন করে চলেছেন। শহীদদের সব আকাঙ্ক্ষা সেই পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন