EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ওয়াজ মাহফিলের কমিটি নিয়ে বিরোধ, রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

ওয়াজ মাহফিলের কমিটি নিয়ে বিরোধ, রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না রাখা নিয়ে বিরোধের জেরে রিপন মিয়া নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইসকা কুলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া কাঠ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

নিহত রিপন মিয়া পাইসকা এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে। তিনি ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।

নিহতের ছেলে শাওন মিয়া ও শাহিন মিয়ার দাবি, গত ৬ ও ৭ অক্টোবর রাতে পাইসকা এলাকায় যুবসমাজের উদ্যোগে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের আয়োজক কমিটিতে রিপন মিয়াসহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন।

তবে স্থানীয় রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজীর নাম কমিটিতে না থাকায় তাঁরা ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রিপন মিয়ার ওপর তাঁদের আগে থেকেই ক্ষোভ ছিল।

পরিবারের সদস্যদের ভাষ্য, এ নিয়ে রোববার সন্ধ্যায় রিপন মিয়ার সঙ্গে রিফাত কাজী ও তাঁর লোকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ১১টার দিকে রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজীসহ ৫০ থেকে ৬০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে রিপন মিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, রিপন মিয়া নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন