প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুরে উৎসবের আমেজ
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর ঘিরে নীলফামারীর সৈয়দপুরে বইছে আনন্দের আমেজ। তাঁকে স্বাগত জানাতে শহরজুড়ে চলছে ব্যানার-ফেস্টুন টাঙানো, সড়ক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ও বিএনপি।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা ১১টায় রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির ও ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানে রাজশাহী এবং পরে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে শহরজুড়ে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড টাঙানো হচ্ছে। সড়কের ডিভাইডার সংস্কার ও রং করার পাশাপাশি ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে পরিচ্ছন্ন পরিবেশ তৈরির কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী সৈয়দপুর হয়ে সড়কপথে রংপুর যাবেন। তাঁর আগমন ঘিরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁকে বরণ করে নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার জানান, প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, ‘প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। এজন্য পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ডিভাইডার মেরামত ও রং করার কাজ চলছে।’
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁকে বর্ণিলভাবে বরণ করে নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার শীর্ষ নেতারা।
জেলা পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ দল কাজ করছে।