ঢাকার ২০ জোনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় বিশেষ কমিটি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রম তদারকিতে ২০টি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে এসব কমিটি কাজ করবে। প্রতিটি কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা।
রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি জোনাল কমিটি গঠন করা হবে। প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন এলাকায় এসব কমিটি কাজ করবে।
কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা ও মেডিকেল উইংয়ের প্রতিনিধিরা থাকবেন। পাশাপাশি প্রতিটি কমিটির সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত থাকবেন।
২০টি জোনাল কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটিও গঠন করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ কমিটির আহ্বায়ক থাকবেন। এতে স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত থাকবেন।
জোনাল কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, খালের সীমানা চিহ্নিতকরণ ও পুনঃখনন কার্যক্রম জোরদার এবং মশক নিধনের কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন নিশ্চিত করবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
