ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতায় বদলেছে নীলফামারী পৌর এলাকা
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে তিন মাস ধরে চলা পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে নীলফামারী পৌর এলাকার পরিবেশে পরিবর্তন এসেছে। পৌরসভার উদ্যোগে নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার, কীটনাশক ছিটানো এবং জমে থাকা পানি অপসারণের কাজ চলছে।
নীলফামারী পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আব্বাস আলী জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গড়ে ১০টি বর্জ্যবাহী যান দিয়ে শহরের ময়লা ও ড্রেনের বর্জ্য সংগ্রহ করে শহরের বাইরের ফিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্টে নেওয়া হচ্ছে। এ ছাড়া হাটবাজার, ড্রেন, ঝোপঝাড় ও ঘনবসতিপূর্ণ এলাকায় কীটনাশক ছিটানো হচ্ছে। এডিস মশার লার্ভা জন্মানোর সম্ভাব্য স্থান চিহ্নিত করে ধ্বংস করতেও কাজ করছে বিশেষ দল।
তিনি আরও জানান, নাগরিকদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও বিভিন্ন ওয়ার্ডে সভা করা হচ্ছে। বাড়ির আঙিনা, ফুলের টব, ডাবের খোসা ও অব্যবহৃত পাত্রে পানি জমতে না দেওয়ার বিষয়ে প্রচার চালানো হচ্ছে।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আগে সড়ক ও ড্রেনের পাশে আবর্জনা জমে থাকত এবং মশার উপদ্রব ছিল। পৌরসভার সাম্প্রতিক কার্যক্রমে পরিস্থিতির পরিবর্তন এসেছে বলে তাঁরা মনে করছেন। নিয়মিত কীটনাশক ছিটানোয়ও স্বস্তি প্রকাশ করেন তাঁরা।
নীলফামারী পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তারিক রেজা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা শূন্য সহনশীলতার নীতি নিয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পৌরসভার উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও নিজেদের চারপাশ পরিষ্কার রাখতে হবে।
পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শহরকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে কাজ করছে পৌরসভা।
