EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইলিশ রক্ষায় বরিশালে অভিযান, জরিমানা

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

ইলিশ রক্ষায় বরিশালে অভিযান, জরিমানা

বরিশালে অভিযানে জব্দ কারেন্ট জাল বিনষ্ট করছে প্রশাসন। ছবি: সংগৃহীত

অ অ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা ও কালাবদর নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। এ ছাড়া জব্দ করা ১০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযান চলাকালে জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান ইউএনও। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলতে হবে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা সবার দায়িত্ব। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে, যা এখন কার্যকর রয়েছে। এ সময় নদ-নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ, নিষিদ্ধ জাল ব্যবহার প্রতিরোধ এবং জেলেদের সরকারি নির্দেশনা মানা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন