EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অন্যায়-নিপীড়ন পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি

দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম

অন্যায়-নিপীড়ন পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অ অ

অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বারবার অসুরের আবির্ভাব ঘটেছে, আর এ দেশের মানুষ তাদের পরাজিত করেছে।

রমনা কালীমন্দিরের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংসের চেষ্টা করা হয় এবং ১৯৭৩ সালে পুরোপুরি ধ্বংস করা হয়। পরে ২০০১ সালে গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে মন্দিরটি পুনঃস্থাপিত হয়। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপপ্রচার ও অপব্যাখ্যা দেওয়া হয়। তবে দেশের মানুষ দৃঢ়ভাবে সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি পূজার সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেন।

আরও পড়ুন