EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাশিয়ায় আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশের ৯ সদস্যের দল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম

রাশিয়ায় আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশের ৯ সদস্যের দল

ছবি: সংগৃহীত

অ অ

রাশিয়ার সিরিয়াসে ২৪ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO) ২০২৬-এ অংশ নেবে বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদল। দলে রয়েছেন পাঁচ শিক্ষার্থী, তিন দলনেতা ও একজন পর্যবেক্ষক।

রাশিয়ার সোচির কাছে সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রিকস সদস্যরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন। এতে ভূগোলবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হবে।

জিরো কম্পিটিশনস লিমিটেডের ১০ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত দলীয় বাছাই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে।

তাঁরা হলেন—বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মিনহাজুল ইসলাম তাহমিদ, সরকারি বিজ্ঞান কলেজের শাহরিয়ার নূর, রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের মো. তাওসিকুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের আরিফা আতিক মীম এবং নটর ডেম কলেজের তানভীর সাদাত।

দলনেতা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আয়মান মাহমুদ ও তাসিন মোহাম্মদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফেরদৌস আহমেদ। একই বিশ্ববিদ্যালয়ের আহনাফ তাহমিদ উদ্দিন দলীয় পর্যবেক্ষক হিসেবে সফর করবেন।


বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয় করছে জিরো কম্পিটিশনস লিমিটেড ও সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (SLSN)। এ উদ্যোগে সহযোগিতা করছে ঢাকার রাশিয়ান হাউস ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

এদিকে, দেশে ভূগোল ও পৃথিবীবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতি বছর বাংলাদেশ ভূগোল অলিম্পিয়াড (BGeO) আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ আরও সম্প্রসারিত হবে।

আরও পড়ুন