বিয়ের দাওয়াত ঘিরে বিরোধ, জগন্নাথপুরে চাচাতো ভাইদের হামলায় নিহত ১
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ এএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর লম্বা আটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের আগে নাজিম উদ্দিন নিজে দাওয়াত না দিয়ে তাঁর বোনদের মাধ্যমে চাচা মৃত মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়াসহ তাঁদের ভাইদের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বিয়ের অনুষ্ঠানে যোগ দেননি।
শনিবার সকালে নাজিম উদ্দিন নিজে তাঁদের বাড়িতে গিয়ে আবারও বিয়ের দাওয়াত দিতে গেলে মাসুম মিয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম, মামুন, মঞ্জু ও মুবিনসহ ১০ থেকে ১২ জন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
নাজিম উদ্দিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।