EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লালনের শিক্ষা স্কুলে ছড়িয়ে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

কুষ্টিয়াকে ‘লালন নগরী’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

ডেইলি সান রিপোর্ট, কুষ্টিয়া

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

লালনের শিক্ষা স্কুলে ছড়িয়ে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অ অ

ফকির লালন সাঁইয়ের দর্শন ও মানবিক শিক্ষাকে বিদ্যালয় পর্যায়ে ছড়িয়ে দিতে আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের লালনের জীবনদর্শন ও মানবতাবাদী চিন্তার সঙ্গে পরিচিত করতে স্কুলভিত্তিক কর্মসূচি গ্রহণের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, কয়েক সপ্তাহ আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে লালনকে ঘিরে সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় বিদ্যালয় পর্যায়ে লালনের দর্শন নিয়ে কোনো কর্মসূচি রয়েছে কি না এবং শিক্ষার্থীরা কীভাবে তাঁর জীবন ও দর্শন সম্পর্কে জানতে পারবে, সে বিষয়েও খোঁজ নেন তিনি। প্রধানমন্ত্রী চান, লালনের মানবিক শিক্ষা বিদ্যালয় পর্যায়েও পৌঁছে দেওয়া হোক।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্ববাস্তবতায় লালনের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। পরিচয়কেন্দ্রিক বিভাজন ও সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা বাড়ছে। ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে লালনের মানবতাবাদী দর্শন মানুষকে সম্প্রীতি ও সহাবস্থানের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, জাত, ধর্ম ও লিঙ্গসহ নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন লালন। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির পরিবর্তে মানবিক মূল্যবোধ, সাম্য ও মানুষের মর্যাদার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা সমকালীন বিশ্বের সংকট মোকাবিলায়ও তাৎপর্যপূর্ণ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী কুষ্টিয়াকে ‘লালন নগরী’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে এ অঞ্চলের পর্যটনশিল্পের বিকাশ ঘটানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গড়াই ও মধুমতী নদীতে আবারও নৌযান চলাচল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমী।

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাখাল সেবার মধ্য দিয়ে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোববার দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে এবারের আয়োজনের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন