নেছারাবাদে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। শনিবার ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা যাতে যথাযথভাবে সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য বা হয়রানি যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।