EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে ৩৪ জেলেকে জরিমানা, জব্দ ২ মণ ইলিশ

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম

লক্ষ্মীপুরে ৩৪ জেলেকে জরিমানা, জব্দ ২ মণ ইলিশ
অ অ

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের অভিযোগে লক্ষ্মীপুরে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় তাঁদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রায় দুই মণ ইলিশ ও এক লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আটক জেলেদের কাছ থেকে প্রায় দুই মণ ইলিশ ও এক লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


জেলা মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

আরও পড়ুন