গাড়ি কেনাবেচা ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনে মুখর আইসিসিবি
এসব আয়োজনের মাধ্যমে পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম
ফাইল ছবি
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে গাড়ি, কৃষি-খাদ্য ও মেরিটাইম শিল্পের তিন আয়োজন। ‘সুপার সেল কার বাজার’, ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’ ও ‘বিমক্স ২০২৬’-এ প্রদর্শিত হচ্ছে নতুন ও ব্যবহৃত গাড়ি এবং বিভিন্ন শিল্পের আধুনিক প্রযুক্তি।
শুক্রবার (১৬ অক্টোবর) আইসিসিবি প্রাঙ্গণে বিভিন্ন খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের উপস্থিতিতে দিনভর প্রাণচাঞ্চল্য ছিল। এসব আয়োজনের মাধ্যমে পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত ‘সুপার সেল কার বাজার’ ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করেছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ বাজারে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ রয়েছে। জাপানি ও চীনা ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে এসেছেন বিক্রেতারা।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা জানান, গত কয়েক সপ্তাহের তুলনায় এবার ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ও আগ্রহ বেশি ছিল। গতকাল বাজারে প্রায় ৩৫০টি গাড়ি এসেছে।
এদিকে, আইসিসিবির গুলনকশা ও নবরাত্রি হলে চলছে তিন দিনব্যাপী ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’ প্রদর্শনী। আজ শনিবার এর শেষ দিন। এতে কৃষি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, সংরক্ষণ, মাংস ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ, পশুখাদ্য, সার এবং স্মার্ট উৎপাদনব্যবস্থার আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। এসিআইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি এতে অংশ নিচ্ছে। আয়োজকদের মতে, কৃষি ও খাদ্যশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি বিনিময় ও ব্যবসায়িক অংশীদারত্ব বাড়ানো এ আয়োজনের লক্ষ্য।
অন্যদিকে, আইসিসিবির পুষ্পগুচ্ছ ও নবরাত্রি হলে চলছে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিমক্স ২০২৬’। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত তিন দিনের এ প্রদর্শনীর শেষ দিনও আজ শনিবার। বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
প্রদর্শনীতে জাহাজ নির্মাণ ও মেরামতের যন্ত্রপাতি, নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা, মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সরঞ্জাম এবং অফশোর শিল্পের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। আয়োজকেরা জানান, এর মাধ্যমে মেরিটাইম খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ হচ্ছে।