আরও হতাহতের আশংকা
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত বেড়ে ১০ জন
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম
সংগৃহীত ছবি
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উখিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৮টায় তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তিন ঘণ্টার চেষ্টায় বেলা ১১টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে।
ঘটনাস্থল থেকে ৭টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ওই রিসোর্টে ১৭ জন পর্যটক ছিলেন। নিহত ব্যক্তিরা সকলে পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে নিহত হয়েছেন। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন তা জানতে একটু সময় লাগবে।
এ অগ্নিকাণ্ডে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।
এর আগে আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় । কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের বরাতে জানা গেছে, সকাল ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে এখনও জানা যায়নি বলে তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।