দুর্গোৎসব দেখতে রংপুর যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গোৎসব দেখতে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি মন্দির এলাকায় নিরাপত্তা ও সফর প্রস্তুতি জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) এলাকা পরিদর্শন করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সফরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি র্যাবের টহল দলও কাজ করছে। এ ছাড়া এসএসএফ ও এনএসআইয়ের উচ্চপর্যায়ের দলও মন্দির এলাকা পরিদর্শন করেছে।
সফরের সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশে রওনা হবেন। সকাল ১১টার দিকে তিনি মন্দিরটি পরিদর্শন করবেন এবং সনাতন সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরিদর্শন শেষে তিনি আবার সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন।
গুপ্তপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, “আমরা এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। তবে এসএসএফ ও এনএসআইয়ের দল এলাকা পরিদর্শন করে গেছে। আমরাও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।”
