EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ এএম

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। পরে মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানায়, তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান। তিনি চোখে কম দেখতেন। ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান তিনি। সেখানে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন