EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পর্যটকদের জন্য ফের খুলেছে সাজেক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

পর্যটকদের জন্য ফের খুলেছে সাজেক

টানা ৪দিন পর ফের উন্মুক্ত হয়েছে রাঙামাটির সাজেক ভ্যালি। ছবি: সংগৃহীত

অ অ

টানা চার দিন সড়ক অবরোধ ও প্রশাসনিক নিষেধাজ্ঞার পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালি।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে ৭৩০ জন পর্যটক সাজেকে প্রবেশ করেছেন বলে নিশ্চিত করেছে বাঘাইহাট জোন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে গত ১১ অক্টোবরের জারিকৃত পূর্ববর্তী নিষেধাজ্ঞা বাতিল করা হলো।

পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া, সাধারণ মানুষকে হুমকি-ধমকি দেওয়া বন্ধ এবং স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গত ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয় 'সাজেক গণঅধিকার রক্ষা কমিটি' ও 'সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন'।

উদ্ভূত এই পরিস্থিতির কারণে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় গত ১১ অক্টোবর সন্ধ্যা থেকে সাজেকে পর্যটন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবরের মধ্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে মাঝে দুদিন বিরতি দিয়ে গত ১৫ অক্টোবর পুনরায় সড়ক অবরোধ পালন করে সংগঠন দুটি।

সাজেকের মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির বিশেষ অনুরোধে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি সাময়িক স্থগিত করেছে।

বর্তমানে পর্যটকদের নিরাপদ যাতায়াত এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাজেক ও বাঘাইহাট জোনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন