দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের উপহার তুলে দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু। ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলে ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে ব্যক্তিগত অর্থায়নে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শহরের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহারসামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে সরকারি বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আপনাদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তাই ভয়ভীতির কোনো কারণ নেই। সবাই নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করবেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী সারা দেশে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন,বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কিছু নেই- আমরা সবাই বাংলাদেশি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।