EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খাতুনগঞ্জের এক গোডাউনে ১৭০ টন এলাচ, মজুদ নিয়ে প্রশ্ন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পিএম

খাতুনগঞ্জের এক গোডাউনে ১৭০ টন এলাচ, মজুদ নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুদের তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দীর্ঘদিন এলাচ মজুদ রাখা ও বিক্রির রশিদ দেখিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অভিযানে এসব তথ্য উঠে আসে। অভিযানে এলাচ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে হোসেন কর্পোরেশনকে ৫০ হাজার টাকা এবং আমদানিকৃত জিরার মূল বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আরাফাত ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর জানায়, খাতুনগঞ্জের বিমল বাবুর গোডাউনে হোসেন কর্পোরেশন ২০২৫ সালের নভেম্বরে ১৫ টন এলাচ মজুদ করে। এর মধ্যে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে মাত্র আধা টন। অবশিষ্ট সাড়ে ১৪ টন দীর্ঘদিন ধরে মজুদ রয়েছে এবং পণ্যটির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে।

একই গোডাউনে প্রাইম ট্রেডিংয়ের গত দুই মাসে ধাপে ধাপে ৪৭ টন এলাচ মজুদের তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটি ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্য সরবরাহ করেনি। বিক্রির রশিদ যাচাই করে বিভিন্ন ধাপে দাম বাড়ানোর তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অভিযানকালে ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্য মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

বাজারে ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন