ডিমলায় যৌথ অভিযানে ব্রিক ক্রাশার ও ট্রাকসহ বিপুল পাথর-বালু জব্দ
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে উত্তোলন ও মজুত করা বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় পাঁচটি ব্রিক ক্রাশার মেশিন ও পাথর পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার বাহিনী এ যৌথ অভিযান চালায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় রংপুর ৫১ বিজিবির অধিনায়ক। এর আগে বুধবার সন্ধ্যায় ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী এলাকায় ওই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বার্ণিঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৯৮ এমপি থেকে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালিত হয়েছে। সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে এবং উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত ও মজুতকৃত ২৮ হাজার ৫০০ সিএফটি পাথর, ১ হাজার ১০০ সিএফটি বালু, ৫টি ব্রিক ক্রাশার মেশিন এবং পাথর পরিবহনে ব্যবহৃত ১টি বড় ট্রাক জব্দ করা হয়।
বিজিবির সূত্রগুলো আরও জানিয়েছে, জব্দকৃত মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এলাকাটিতে বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন, মজুত এবং পরিবহন রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করে যাচ্ছে এমনটিও জানিয়েছে রংপুর ৫১ বিজিবি অধিনায়ক।