EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

খাদ্য মন্ত্রণালয়ের ৬৬৫৩ শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

খাদ্য মন্ত্রণালয়ের ৬৬৫৩ শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ

ছবি: সংগৃহীত

অ অ

খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে ৬ হাজার ৬৫৩ শূন্যপদ দ্রুত নিয়োগের মাধ্যমে পূরণের সুপারিশ করেছে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, কৃষিজমি সংরক্ষণ এবং সরকারি খাদ্য বিতরণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

অপরিকল্পিত নগরায়ণে আবাদি জমি দিন দিন কমছে বলে বৈঠকে আলোচনা হয়। মন্ত্রণালয় জানায়, কৃষিজমি সংরক্ষণ এবং অকৃষি কাজে অনুমোদনহীন ব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি ও নিয়মিত পর্যবেক্ষণ চলছে।

কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে সরকার সচেতন। উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাতের প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো এবং বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিশুখাদ্যসহ সব খাদ্যে ভেজাল রোধে নিয়মিত অভিযান ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিয়ে শক্তিশালী করার চেষ্টা চলছে। কর্তৃপক্ষের প্রতিটি অফিসে মিনি ল্যাবরেটরি স্থাপন এবং ভেজাল পর্যবেক্ষণে মোবাইল ভ্যান সরবরাহের কাজ চলছে।

সভাপতি বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। উপকারভোগী নির্ধারণে ত্রুটি এড়াতে ডিজিটাল পদ্ধতি অনুসরণের সুপারিশও করেন তিনি।

বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ কমিটির অন্য সদস্য, মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর-সংস্থার প্রধান ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন