EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কৃষককে কেন্দ্র করেই কৃষিনীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে: স্বপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

কৃষককে কেন্দ্র করেই কৃষিনীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে: স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

অ অ

কৃষির উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বাজার ব্যবস্থাপনায় কৃষককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও বাজার নিরাপত্তা নিশ্চিত না হলে কৃষি খাতের উন্নয়ন পূর্ণাঙ্গ হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘কৃষি ইকোসিস্টেমের উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোগ, অর্থায়ন ও সহজীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, কৃষি খাতে মধ্যস্বত্বভোগী ও অন্যান্য অংশীজনের সমস্যা নিয়ে আলোচনা হলেও মূল উৎপাদক কৃষকের সমস্যাগুলো তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। অথচ দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষি ও কৃষকের গুরুত্ব যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

কৃষি খাতে প্রযুক্তির সুবিধা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, কৃষকের উৎপাদন, বাজার নিরাপত্তা ও ন্যায্য মুনাফা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের মাধ্যমে কৃষক যাতে প্রতারিত না হন, সে ব্যবস্থাও নিশ্চিত করা জরুরি।

কৃষিতে ভর্তুকির ওপর নির্ভরতা কমিয়ে খাতটিকে দীর্ঘমেয়াদে লাভজনক করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সেমিনারে বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা, অর্থায়ন ও বাজার ব্যবস্থাপনা উন্নত করতে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ প্রকল্পের পরিচালক ক্রিস্টিনা ওলসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও পড়ুন