EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৫ হাজারের বেশি যাত্রীর যাত্রা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ এএম

সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৫ হাজারের বেশি যাত্রীর যাত্রা

ছবি: এএফপি

অ অ

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, শনিবার (১০ অক্টোবর) থেকে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৭টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইটে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি এয়ারলাইনসগুলো। এতে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে, রবিবার (১১ অক্টোবর) হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই ঘটনায় দাম্মামেও হামলার খবর পাওয়া যায়। এ পরিস্থিতিতে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অন্যদিকে, আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ফলে সৌদি আরবগামী হাজারো যাত্রীকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছে। ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের যাত্রা নিয়ে উদ্বেগ কাটছে না।

আরও পড়ুন