বসুন্ধরায় রড চুরি, ছয়জনকে হাতেনাতে ধরলেন নিরাপত্তা রক্ষীরা
পুলিশের কাছে হস্তান্তর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন প্রকল্প থেকে রড চুরির ঘটনায় ছয়জনকে হাতেনাতে আটক করেছেন নিরাপত্তারক্ষীরা। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ৬ নম্বর গেটে তাদের একটি সিমেন্টবোঝাই ট্রাকসহ আটক করা হয়। পরে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এন-ব্লক থেকে বিপুল পরিমাণ রড চুরি হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরিতে ব্যবহৃত গাড়ি ও সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে আবাসিক এলাকার নিরাপত্তা গেটগুলোতে গাড়িটির নম্বর জানিয়ে সতর্ক করা হয়। সোমবার রাতে ওই চক্রটি আবার প্রবেশ করলে নিরাপত্তারক্ষীরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বসুন্ধরার বিভিন্ন নির্মাণাধীন স্থাপনায় চুরি করে আসছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আগের চুরির ঘটনাগুলোর তথ্য পাওয়ার কথাও জানানো হয়েছে।
এ ঘটনায় নিরাপত্তারক্ষীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৩ অক্টোবর) এমডি রাকিব নামের এক বাসিন্দা ফেসবুকে পোস্ট দিয়ে তাদের ধন্যবাদ জানান। পোস্টের মন্তব্যেও অনেকে নিরাপত্তাকর্মীদের সততা ও তৎপরতার প্রশংসা করেন।
আরেকজন লিখেছেন, বসুন্ধরা এলাকায় সকল প্রশাসনিক ভাইদের আচার-ব্যবহার অনেক ভালো। ওরা সবাই নিঃস্বার্থে সততার সাথে কাজ করে যাচ্ছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর বসুন্ধরায় মোটরসাইকেল চুরির অভিযোগে তিনজনকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। গত আগস্টে ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকেও আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছিনতাইয়ের ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে তাকে আটক করে বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীরা।