বাজেট বরাদ্দের পরও প্রকল্পে ধীরগতি, কারণ অনুসন্ধানের সুপারিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন যেসব প্রকল্পে বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও কার্যক্রমে ধীরগতি রয়েছে, সেগুলোর কারণ অনুসন্ধানের সুপারিশ করেছে জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারের ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে অসহযোগিতা বা অবহেলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ একাডেমি, কর্মচারী কল্যাণ বোর্ড, সরকারি যানবাহন অধিদপ্তর ও সরকারি কর্মচারী হাসপাতালসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভাপতি প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেন। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধকতা থাকলে তা কমিটির সামনে তুলে ধরারও নির্দেশ দেন তিনি।
এ ছাড়া ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
