ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম
ছবি: প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নরসিংদী জেলা সদরে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে যাচ্ছিলেন অনুপ কুমার ও আনোয়ারুল আজিম। পথে বৈষামোড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার নিহত হন। গুরুতর আহত হন আনোয়ারুল আজিম।
পরে আহত আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।