EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দক্ষ কর্মী পাঠাতে ইতালির সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি চালু হচ্ছে: মাহ্‌দী আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

দক্ষ কর্মী পাঠাতে ইতালির সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি চালু হচ্ছে: মাহ্‌দী আমিন
অ অ

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। তিনি বলেছেন, ভাষা ও পেশাগত দক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মাহ্‌দী আমিন এসব কথা বলেন।

মাহ্‌দী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার। ইতালির এ উদ্যোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি হবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার লক্ষ্যে আগামী মাসে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথা জানান। এ কর্মসূচির আওতায় আগ্রহীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি এবং কাজের প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়।

এ সময় মাহ্‌দী আমিন ও ইতালির রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনায় দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে ইতালির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকায় দেশটির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি।

আরও পড়ুন