প্লট দুর্নীতি: হাসেমের দুই ছেলে, সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জন দণ্ডিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
প্লট দুর্নীতির মামলায় আটজনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল; রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীও রয়েছেন।
ঢাকার নবম বিশেষ জজ আব্দুস সালাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন—রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক, সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার।
দণ্ডিতদের মধ্যে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলের নামে ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ দিয়েছিল রাজউক।
আম্বার গ্রুপের চেয়ারম্যান ও এমডি রাসেল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির দায়িত্বে রয়েছেন। আর পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন বলেন, “অপরাধমূলক অসদাচরণের দায়ে ৮ আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‘এছাড়া অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের দায়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।’
দুই ধারার সাজা একসঙ্গে চলবে জানিয়ে কৌঁসুলি শামীম বলেন, সেক্ষেত্রে তাদের সাত বছর করে কারাভোগ করতে হবে।
মামলার বিবরণ অনুযায়ী, আসামি ইকবালউদ্দিন, ফয়েজ, ওয়াহিদুল, জাফর উল্লাহ, জহিরুল হক ও রেজাউল করিম বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে আসামি আসফাক আজিজ রুবেল ও শওকত আজিজ রাসেলকে ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন। রাজউক কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে ২০০১ সালের ২৩ অগাস্ট থেকে ২০১৪ সালের ২৩ অক্টোবরের মধ্যে এসব অনিয়ম করেন।
এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস মতিঝিল থানায় মামলা করেন।