EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

সোমবার বিকেল ৫টায় শুরু হওয়া আগুন নেভাতে কাজ করছে ১০ ইউনিট, হতাহতের তথ্য জানা যায়নি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম

৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের গোডাউনে লাগা আগুন সাড়ে ৬ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার বিকেল ৫টার দিকে ছোট কাটারার ‘মনজুর খান প্লাজা’য় এ অগ্নিকাণ্ড ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে যাচ্ছে।

বদ্ধ পরিবেশ এবং অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুন ভবনটির পঞ্চম তলা ও পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে ছোট কাটারার ওই ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় একে একে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়।

মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার অধিকাংশ কক্ষই গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন দোকান এবং পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত প্রসাধনসামগ্রী ও ভ্যানিটি ব্যাগের গোডাউন রয়েছে। বিকেলে ষষ্ঠ তলায় আগুন লাগার পর দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা দ্রুত সাটার বন্ধ করে বেরিয়ে যান। ফলে বিপুল পরিমাণ দাহ্য মালামালে ঠাসা তালাবদ্ধ গোডাউনগুলোর ভেতরে প্রবেশ করতে ফায়ার সার্ভিসকে চরম সংকটে পড়তে হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে বলেন, গোডাউনগুলো বন্ধ ও বদ্ধ জায়গায় হওয়ায় সহজে ভেতরে পানি পৌঁছানো যাচ্ছে না। তবে আমাদের কর্মীরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া জমে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরবর্তীতে তা আবার নতুন করে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা মনজুর খান প্লাজার পাশাপাশি পাশের ভবনগুলোর ছাদ থেকেও পানি ছিটানোর কাজ করছেন।

পুরান ঢাকার চিরচেনা সংকীর্ণ ও সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ে। এছাড়া আগুন লাগার পরপরই চারপাশের রাস্তায় উৎসুক জনতার উপচে পড়া ভিড় তৈরি হয়।

তাৎক্ষণিকভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন