EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মাহ্দী আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মাহ্দী আমিন
অ অ

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক করেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক ভাইস মিনিস্টার স্টিভেন কোলেট। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণ এবং দেশের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসায় নেদারল্যান্ডসের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

বাংলাদেশে ডাচ বিনিয়োগ বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। বর্তমানে নেদারল্যান্ডসের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

কৃষি, বস্ত্র, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামগ্রিক অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ নিয়েও কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে জানানো হয়, নেদারল্যান্ডস নিয়মিত বাংলাদেশ থেকে আম আমদানি করে। এ ছাড়া বাংলাদেশে স্থানীয় পর্যায়ে নেদারল্যান্ডসের উন্নত জাতের আলুবীজ সফলভাবে ব্যবহার করা হচ্ছে।

ব্লু ইকোনমি ও জাহাজ নির্মাণশিল্পে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসে। পাশাপাশি নেদারল্যান্ডসের বিভিন্ন প্রতিষ্ঠানের কারখানায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমুখী নীতি ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মাহ্দী আমিন। নদী ও খাল সংস্কারের অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন প্রকল্পের কথা জানান তিনি। এ ছাড়া তিস্তা ব্যারাজ ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়ন নিয়েও দুই পক্ষ কথা বলে। শিক্ষক প্রশিক্ষণ, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, শিল্পপ্রতিষ্ঠান ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের বিষয়গুলো আলোচনায় আসে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সরকারের বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তর নিয়েও আলোচনা হয়। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় মহাপরিকল্পনার কথাও জানান তিনি।

প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও ডাচ প্রতিনিধিদলকে জানানো হয়। এর মধ্যে রয়েছে নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড চালুর উদ্যোগ।

বৈঠকে গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় সরকারের অগ্রাধিকারের বিষয়টিও তুলে ধরেন মাহ্দী আমিন। সংসদে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জবাবদিহি বাড়াতে সংসদীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন।

আরও পড়ুন