তারাগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ৩৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামের গোলাম রব্বানী (২৭), অনন্তপুর বড়বাড়ী গ্রামের রাজু আহম্মেদ (৪৮), কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের আপেল (৩০) এবং জদ্দিপাড়া গ্রামের লাল মিয়া (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুর্শা ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের দায়ে গোলাম রব্বানী ও রাজু আহম্মেদকে ছয় মাস করে এবং আপেল ও লাল মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে তাঁদের কাছ থেকে ৩৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন ও উপপরিদর্শক মো. তাহমুদার রহমান প্রসিকিউশন দাখিল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, অভিযানে মাদক উদ্ধার হলে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।