দুর্গাপূজা বাঙালির সম্প্রীতি ও মিলনের প্রতীক: নায়াব ইউসুফ
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদ্যাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেছেন, দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মিলনের প্রতীক। প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে পূজামণ্ডপগুলোর প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার ১৯৪টি পূজামণ্ডপের প্রতিটির জন্য সরকারিভাবে বরাদ্দ করা ৬০০ কেজি করে চালের বরাদ্দপত্র (ডিও) সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। নিরাপত্তার স্বার্থে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনও জরুরি। বিগত বছরগুলোর মতো এবারও ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদ্যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, ফরিদপুর পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এবং চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মণ্ডল।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি ফরিদপুর সদর উপজেলার ১৯৪টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।